দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আবু তাহের নদভী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৩০ মার্চ) দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
আল্লামা নদভী চট্টগ্রাম দক্ষিণ জেলা হেফাজতের সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং ইত্তিহাদুল মাদারিসিল ক্বওমিয়া বাংলাদেশ-এর সভাপতির দায়িত্বে ছিলেন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, “আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”
শোকবার্তায় নেতারা আরও উল্লেখ করেন, আল্লামা আবু তাহের নদভী ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক এবং দ্বীনের একনিষ্ঠ রাহবার। তার ইলমী অবদান, ত্যাগ-তিতিক্ষা এবং দ্বীনি শিক্ষার প্রসারে নিরলস প্রচেষ্টা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেম ও অভিভাবককে হারালো বলেও তারা উল্লেখ করেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, তার কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দেন এবং তার সকল ভূলত্রুটি মাফ করে দেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
আল্লামা আবু তাহের নদভী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার ইন্তেকালে বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতারাও শোক প্রকাশ করেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের পটিয়াস্থ জামিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
জে আই